দুর্লভপুরে আওয়ামী লীগ নেতা ও মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজারে চিহ্নিত আওয়ামী লীগ কর্মী এবং মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে।
বুধবার সকালে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে গ্রামের কয়েকশ সচেতন নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্লভপুর এলাকার চিহ্নিত আওয়ামী লীগ কর্মী মাসুদ, জুলমত ও সাদ্দাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। তাদের অপকর্মের কারণে এলাকার কিশোর ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, “এই আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু আগে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি। এদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন।”
কর্মসূচিতে বক্তব্য রাখেন দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা তোফিকুল ইসলাম ও মিনু বেগমসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। জনস্বার্থে গ্রামের মাদকমুক্তি নিশ্চিত করতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
১৫৯ বার পড়া হয়েছে