সিলেটে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা: ৮ মাসেও গ্রেপ্তার হয়নি ছাত্রদল নেতা অলি
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ৮ মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত উপজেলা ছাত্রদল নেতা মো. অলি আহমদ (২৮)। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত অলি আহমদ জকিগঞ্জ উপজেলার কসকনপুর ইউনিয়নের পুকরা গ্রামের আব্দুর রশীদের ছেলে এবং স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন বিধবা। তিনি তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। প্রতিবেশী ও আত্মীয় হওয়ার সুযোগে অলি দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তার মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয় মুরব্বি ও ইউপি সদস্যদের কাছে অভিযোগ করলে তারা অলিকে সতর্ক করেন। তবে এতে ক্ষিপ্ত হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি।
গত ১৮ জুলাই ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগীর প্রতিবন্ধী ছেলে বাড়িতে না থাকার সুযোগে অলি তার রান্নাঘরে প্রবেশ করে। একা পেয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানিসহ ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তিতে ওই নারী আহত হন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অলিকে উলঙ্গ অবস্থায় দেখা যায়। স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলে তিনি দ্রুত পালিয়ে যান। পালানোর সময় ভুক্তভোগীর ছেলেকেও সাইকেলের চেইন দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী প্রথমে স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে ২২ মার্চ ২০২৫ জকিগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। পরে ৩১ জুলাই ২০২৫ সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী জানান, মামলা দায়েরের পর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত অলি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, ফলে তিনি ও তার সন্তান আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজন আহমদ বলেন, বিষয়টি বর্তমানে তার নজরে নেই।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১৬৭৭ বার পড়া হয়েছে