টাঙ্গাইলে মধুপুরে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের মধুপুরে নারী ধর্ষণের মামলায় মো. আরিফ ও মো. রুবেল নামের দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং একই এলাকার আয়নালের ছেলে মো. রুবেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, গভীর রাতে ওই নারী নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছান। সেখানে আরিফ ও রুবেল তাঁর পথরোধ করেন।
একপর্যায়ে তর্কবিতর্কের পর তাঁকে পাশের একটি কাচারিঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে আরিফ ও রুবেল রাতভর পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। এরপর তাঁর বাঁধন খুলে দেওয়া হয়।
পরে সকালে ওই নারী মধুপুর থানায় গিয়ে আরিফ ও রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত মঙ্গলবার দুপুরে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
১১১ বার পড়া হয়েছে