সর্বশেষ

সারাদেশ

নিজ সন্তান অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে নিজের সন্তানকে অপহরণের অভিযোগে এক বাবা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, জীবননগর উপজেলার আব্দুলবাড়ীয়া গ্রামের ঘরজামাই হিসেবে বসবাস করতেন সাতক্ষীরা জেলার কালোরোয়া উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আজিজুল (২৮)। তার স্ত্রী ভারতে অবস্থান করেন এবং সেখানে কর্মরত। অন্যদিকে দেশে বেকার অবস্থায় দিন কাটাতেন আজিজুল। নেশাসহ বিভিন্ন কারণে তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা দাবি করতেন। সম্প্রতি স্ত্রী টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তিনি নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। তবে জীবননগর থানা-পুলিশ ও ডিবির অভিযানে তাকে তার এক সহযোগীসহ আটক করা হয়েছে।

বর্তমানে আটক দুইজন থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ।

ওসি সোলায়মান সেখ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মো. আজিজুল তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে নিজের ছেলেকে অপহরণ করেন। পরে শিশুটিকে একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। হাত বাঁধা অবস্থায় শিশুর গলায় একটি ধারালো হাসুয়া ধরে তার সহযোগী মোবাইল ফোনে ছবি তোলে এবং সেটি শিশুর মায়ের কাছে পাঠানো হয়। এ সময় ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এ অবস্থায় শিশুর মা বিকাশের মাধ্যমে ১০ হাজার ৩০০ টাকা পাঠান।

তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জীবননগর থানা-পুলিশ ও ডিবি দল দ্রুত অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে রাত সাড়ে ৯টার দিকে জীবননগর থানার পাকা দাসপাড়া এলাকা থেকে শিশুটির পিতা মো. আজিজুল (২৮) এবং তার সহযোগী মো. আক্তার (২৬), জীবননগর দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে, গ্রেপ্তার করা হয়। এ সময় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানের সময় বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুর মা ভারতে অবস্থান করায় সেই সুযোগকে কাজে লাগিয়ে পিতা ও তার সহযোগী শিশুটিকে জিম্মি করে গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেন। প্রথমে মা ১০ হাজার ৩০০ টাকা পাঠান। পরে আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলে তিনি পুলিশের শরণাপন্ন হন।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন