মুন্সীগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পরিসংখ্যান বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজনে সোমবার (১৬ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিসংখ্যান বিভাগের প্রতিনিধি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
সেমিনারে জেলা প্রশাসক দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতিতে অর্থনৈতিক শুমারির গুরুত্ব তুলে ধরেন।
পরে জেলা পরিসংখ্যান কর্মকর্তা জাতীয় পর্যায়ের কৃষিখাত ছাড়া অন্যান্য খাতের অর্থনৈতিক শুমারির বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। এর মধ্যে মুন্সীগঞ্জ জেলায় রয়েছে ১ লাখ ১ হাজার ৯৪৪টি অর্থনৈতিক ইউনিট।
জেলায় স্থায়ী ইউনিটের সংখ্যা ৫৭ হাজার ৭৭টি, অস্থায়ী ইউনিট ৪ হাজার ৮০৬টি এবং অর্থনৈতিক গৃহস্থালির সংখ্যা ৪০ হাজার ৬১টি।
এ ছাড়া জাতীয় পর্যায়ে মোট নিয়োজিত জনবলের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। এর মধ্যে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭২৭ জন। জেলায় স্থায়ী প্রতিষ্ঠানে কর্মরত ১ লাখ ৮৯ হাজার ৭৬০ জন, অস্থায়ী ইউনিটে ৬ হাজার ১৮১ জন এবং অর্থনৈতিক গৃহস্থালিতে নিয়োজিত রয়েছেন ৪৯ হাজার ৭৮৬ জন।
সেমিনারে বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য দেশের অর্থনৈতিক কাঠামো, কর্মসংস্থান ও বিভিন্ন খাতভিত্তিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১৭ বার পড়া হয়েছে