ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল মঙ্গলবার ভোরে ফরিদপুর সদর উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় ফরিদপুর ডিএনসির উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে। এ সময় মো. মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, আটক মিজানুর রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
১১৬ বার পড়া হয়েছে