ধানমন্ডি ৩২-এ এক্সকাভেটর সরানো হলেও নিরাপত্তা জোরদার
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৭:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙার উদ্দেশ্যে আনা এক্সকাভেটর সরানো হয়েছে। তবে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কের মুখে ব্যারিকেড বসানো হয়েছে এবং বাড়ির সামনে সেনাবাহিনীর গাড়ি অবস্থান করছে।
গতকাল সোমবার, জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর, একদল বিক্ষোভকারী দুইটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান। তবে নিরাপত্তা বাহিনী তাদের বাড়ির কাছে যেতে দেননি। এ নিয়ে সেখানেই কয়েক দফা সংঘর্ষ ঘটে এবং রাত ১০টার পর বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানিয়েছেন, খননযন্ত্র দুটি রাতেই সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাড়ির নিরাপত্তা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনী সেখানে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার ভাষণের সময় বাড়ির অর্ধেকের বেশি অংশ ধ্বংস করা হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
২৩৫ বার পড়া হয়েছে