হায়দরাবাদে জমকালো আয়োজনে শুরু হলো মিস ওয়ার্ল্ড ২০২৫
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
হায়দরাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে রঙিন আয়োজনে পর্দা উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ২০২৫-এর।
সোমবার (১৩ মে) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি আনুষ্ঠানিকভাবে ৭২তম আসরের উদ্বোধন ঘোষণা করেন।
বিশ্বের ১১০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এবারের আসরে। স্বাগতিক ভারতের প্রতিনিধিত্ব করছেন মিস ইন্ডিয়া নন্দিনী গুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে তেলেঙ্গানার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের চমৎকার উপস্থাপনা দেখা যায়। রাজ্যের খ্যাতনামা কবি আন্দে শ্রী রচিত রাজ্য সংগীত ‘জয় জয় হে তেলেঙ্গানা’-র সুরেলা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ২৫০ জন শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় রাজ্যের ঐতিহ্যবাহী ‘পেরিনি’ নৃত্য, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা তাঁদের নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে হাজির হন। বিশেষ করে ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার ২২টি দেশের রঙিন জাতীয় পোশাক আলাদা করে দর্শকদের নজর কেড়ে নেয়, যা পুরো অনুষ্ঠানকে পরিণত করে এক বৈশ্বিক সংস্কৃতির মিলনমেলায়।
এদিকে, পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে হায়দরাবাদ শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
টানা ২২ দিনব্যাপী চলা এই প্রতিযোগিতা শেষ হবে ৩১ মে। পুরো সময়জুড়ে অনুষ্ঠিত হবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সৌন্দর্য ও মানবিক কার্যক্রম এবং বিশ্ব সুন্দরী বাছাইয়ের বিভিন্ন পর্ব।
২৬৯ বার পড়া হয়েছে