চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধ ও মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড পিপল অব চাঁপাইনবাবগঞ্জ অ্যামেলিওরেট রেসপন্স উপকার। এ সময় বিভিন্ন স্থানে মশার লার্ভা ধ্বংসের ওষুধ ছিটানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করা হয়।
‘একসঙ্গে গড়ি সুস্থ, সুন্দর ও সহায়ক সমাজ’—এই স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড পিপল অব চাঁপাইনবাবগঞ্জ অ্যামেলিওরেট রেসপন্স উপকার।
শুক্রবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসের ওষুধ ছিটানো হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বিশেষ করে কোথাও পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে সুরক্ষিত রাখা এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাঁদের এ উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।
তাঁরা আরও বলেন, সমাজের সার্বিক কল্যাণে এ ধরনের উদ্যোগ সফল করতে বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
১০৫ বার পড়া হয়েছে