শেরপুরে প্রথমবার নারীদের মিনি ম্যারাথন, ৪ শতাধিক নারীর অংশ
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে প্রথমবারের মতো নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর অংশগ্রহণে সুস্থ, সক্রিয় ও সমৃদ্ধ সমাজ’ স্লোগানে আয়োজিত পাঁচ কিলোমিটারের এ ম্যারাথনে কিশোরী, শিক্ষার্থী, চাকরিজীবী ও গৃহিণীসহ চার শতাধিক নারী অংশ নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ছয়টায় শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর উদ্বোধন করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ম্যারাথনটি শেষ হয়।
শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সী নারীরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন কিশোরী, তরুণী, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও গৃহিণীরা।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ২৫ জনকে পদক দেওয়া হয়। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পদকের পাশাপাশি জেলা পরিষদের সহযোগিতায় তিনটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।
ম্যারাথন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের ডিসি উদ্যানের মুক্তমঞ্চে অংশগ্রহণকারীদের নিয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও আকরামুজ্জামান রাহাত, যুবদল নেতা আবহারুল ইসলাম আপা ও মো. শওকত হোসেন এবং জেলার বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতারা, রেড ক্রিসেন্টের সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে