পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামের এক জেল পলাতক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়া পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ছিলেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, জালাল ডাকাতিসহ একাধিক মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন জালাল। বৃহস্পতিবার রাতে তাঁকে গজারিয়া গ্রামে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
১০৪ বার পড়া হয়েছে