সর্বশেষ

জাতীয়

সরকারি ব্যাংকের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে না। সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এ বিধান কার্যকর হবে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী প্রার্থী নিয়োগ বা মনোনয়নের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এসব বিধান যুক্ত করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের নতুন নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নতুন নীতিমালায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি পর্ষদে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখতে হবে।

নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। পাশাপাশি থাকতে হবে অন্তত ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনাগত অথবা পেশাগত অভিজ্ঞতা। তবে বিশেষ দক্ষতা ও কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ তিন বছর। কোনো ব্যক্তি একটানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। তবে এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আগের মেয়াদে তাঁর কর্মদক্ষতা ও কার্যক্রম মূল্যায়ন করা হবে।

একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকার সুযোগও থাকছে না। তবে সরকারের বিশেষ নির্দেশনা কিংবা আইনি বিধান থাকলে এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।

পরিচালনা পর্ষদে যোগ্য নারী পরিচালকের পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন, ব্যাংকিং, আর্থিক বাজার, পুঁজিবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিধান অনুসরণ করতে হবে।

নীতিমালায় স্বার্থের সংঘাত এড়ানোর বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। একইভাবে গত পাঁচ বছরের মধ্যে এসব দায়িত্বে ছিলেন, এমন ব্যক্তিকেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। স্বার্থের সংঘাত রয়েছে, এমন প্রার্থীদেরও বিবেচনায় নেওয়া হবে না।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা থাকবেন। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাছাই কমিটি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ জন্য প্রার্থীদের ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’, গোয়েন্দা প্রতিবেদন এবং ঋণসংক্রান্ত সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। যাঁরা পুনর্নিয়োগের জন্য বিবেচিত হবেন, তাঁদের আগের কর্মদক্ষতাও মূল্যায়ন করা হবে।

কমিটির সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে।

নতুন নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্ব ও ক্ষমতার সীমারেখাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান যথাযথভাবে পরিপালন নিশ্চিত করার দায়িত্ব থাকবে পরিচালনা পর্ষদের।

তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে পর্ষদের সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না।

পরিচালকদের পেশাগত দক্ষতা বাড়াতে ব্যাংকিং বিধিবিধান, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের দায়িত্ব, কর্তব্য ও সম্মানীর ক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন নীতিমালা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ছাড়া সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে। এর মধ্যে আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন রয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০