সর্বশেষ

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুতের দাম কমানোর সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চূড়ান্ত করার আলোচনা চলছে। শুরুতে প্রতি ইউনিট বিদ্যুৎ ৫ থেকে ৬ টাকায় পাওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে সেই দামে বিদ্যুৎ পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎকেন্দ্রটির প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতি ইউনিট উৎপাদন খরচ দাঁড়াচ্ছে প্রায় ১০ টাকা। তবে সরকারের নীতিগত সহায়তা ও কিছু সিদ্ধান্তের মাধ্যমে এই খরচ কমিয়ে ৬ থেকে ৭ টাকার মধ্যে রাখা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। শিগগিরই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এক দফায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে কেন্দ্রটির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করবে পিডিবি। এ জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে কমিশনের অধীন সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য খরচের হিসাব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জমা দেওয়া হয়েছে। এনপিসিবিএল সূত্র জানায়, একটি বিদ্যুৎকেন্দ্রের পুরো আয়ুষ্কালে সব ধরনের ব্যয়কে সম্ভাব্য মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে প্রতি ইউনিটের গড় উৎপাদন খরচ নির্ধারণ করা হয়। তবে বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে এই খরচ কমবেশি হতে পারে। এ কারণে একাধিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিসাব তৈরি করা হয়েছে। এখন বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগামী সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি নীতিগত সভা হওয়ার কথা রয়েছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ নির্ধারণের জন্য গত বছরের নভেম্বরে পিডিবি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে ১৭ ধরনের তথ্য চেয়ে চিঠি দেয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অধিকাংশ তথ্য দেওয়া হলেও কিছু তথ্য পাওয়া যায়নি। তবে রূপপুর কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় সব তথ্যই দেওয়া হয়েছে।

কেন্দ্রটির মেয়াদ শেষে স্থায়ীভাবে বন্ধ করার খরচ এবং ব্যবহৃত জ্বালানিবর্জ্য অপসারণের ব্যয় এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ, এ বিষয়ে এখনো বাণিজ্যিক চুক্তি হয়নি। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্ভাব্য ব্যয় হিসাব করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের অধিকাংশ খরচ বৈদেশিক মুদ্রায় হওয়ায় উৎপাদন খরচও ডলারে নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ সেন্টের কিছু বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ টাকা।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে এখনো কিছু তথ্য পাওয়া বাকি রয়েছে। কেন্দ্রটির আয়ুষ্কাল ৬০ বছর ধরে উৎপাদন খরচ হিসাব করতে বলা হয়েছে। শুরুতে কেন্দ্র কর্তৃপক্ষ ৫০ বছর ধরে হিসাব করতে চেয়েছিল। আয়ুষ্কাল ৬০ বছর ধরায় প্রতি ইউনিট উৎপাদন খরচ কমে আসবে। পিডিবির লক্ষ্য হলো, যতটা সম্ভব খরচ কমিয়ে আনা।

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশটির চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গড় উৎপাদন খরচ প্রতি ইউনিট ৩ দশমিক ৮৩ রুপি। করসহ গড় বিক্রয়মূল্য ৩ দশমিক ৯০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ টাকা।

ভারতের মহারাষ্ট্রের তারাপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ১৯৬৯ সালে উৎপাদনে আসে। কেন্দ্রটিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৭৩ রুপি। অন্যদিকে ২০১৭ সালে উৎপাদনে আসা তামিলনাড়ুর কুদানকুলাম কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ দশমিক ৮৮ রুপি।

বিশেষজ্ঞদের মতে, ভারতের তুলনায় বাংলাদেশে পারমাণবিক বিদ্যুতের দাম বেশি হওয়ার যৌক্তিক কারণ নেই। ভারত বাণিজ্যিক অর্থায়নে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। অন্যদিকে বাংলাদেশ সরকারি পর্যায়ে বিনিয়োগ করেছে।

দেশের অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচের তুলনায় রূপপুরের সম্ভাব্য খরচও আলোচনায় এসেছে। দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট উৎপাদন খরচ গড়ে ১১ টাকা। তবে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে এই খরচ ৮ টাকা ৪৫ পয়সা। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট উৎপাদনে খরচ হয় প্রায় ৭ টাকা। তেলচালিত বিদ্যুৎকেন্দ্রে খরচ ২২ টাকার বেশি।

পিডিবির হিসাবে, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সংস্থাটির গড় খরচ ১১ টাকার বেশি। অথচ পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করা হয় ৮ টাকা ১৮ পয়সায়। ফলে প্রতিবছর লোকসানের পরিমাণ বাড়ছে। এ অবস্থায় রূপপুর থেকে বেশি দামে বিদ্যুৎ কিনলে লোকসান আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ২০১৫ সালে চুক্তির সময় প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৫ থেকে ৬ টাকা ধরা হয়েছিল। কিন্তু গত ১১ বছরে ডলারের দাম প্রায় ৮০ শতাংশ বেড়েছে। শুধু এই কারণে উৎপাদন খরচ বেড়ে প্রায় ৯ টাকা হওয়ার কথা। এ ছাড়া উৎপাদন সক্ষমতার তুলনায় বিদ্যুৎ উৎপাদনের হার বা প্ল্যান্ট ফ্যাক্টর কিছুটা কম ধরে হিসাব করায় খরচ বেড়েছে।

এর বাইরে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মুনাফা এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিবিমার ব্যয় যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এসব ব্যয় অন্তর্ভুক্ত করা হলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও বাড়তে পারে।

তবে এনপিসিবিএলের কর্মকর্তারা মনে করছেন, ভারতের সঙ্গে রূপপুরের উৎপাদন খরচ সরাসরি তুলনা করা ঠিক হবে না। তাঁদের দাবি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণ করেই বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে। এতে খুব বেশি পার্থক্য হওয়ার সুযোগ নেই। বিশ্বের অনেক দেশেই বাংলাদেশের তুলনায় বেশি খরচে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, বিদ্যুতের মূল্য বা ট্যারিফ নির্ধারণের জন্য বেশ কিছু বিষয় এখনো চূড়ান্ত করা যায়নি। বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি চুক্তি বাকি রয়েছে। ফলে সব ব্যয় এখনই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে আন্তর্জাতিক কাঠামো অনুসরণ করে কাজ চলছে। পিডিবি, এনপিসিবিএল ও পরমাণু শক্তি কমিশন যৌথভাবে আলোচনা করছে। দাম চূড়ান্ত করতে আরও সময় লাগবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মেয়াদ প্রথমে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রকল্পের মেয়াদ বাড়লেও নির্মাণ ব্যয় বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি টাকা। সব মিলিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

পারমাণবিক বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট ব্যয়ের প্রায় ৭০ শতাংশই মূলধনি ব্যয়, যা নির্মাণের সময় বিনিয়োগ করতে হয়। বাকি ৩০ শতাংশ ব্যয় হয় কেন্দ্র পরিচালনায়। তাই প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ নির্ধারণে মূলত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হলো বিদ্যুৎকেন্দ্রের মোট আয়ুষ্কাল, প্ল্যান্ট ফ্যাক্টর এবং ডিসকাউন্ট রেট।

বিশেষজ্ঞদের মতে, রূপপুরের আয়ুষ্কাল ৬০ বছর ধরা হলেও তা বাড়িয়ে ৮০ বছর বিবেচনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিকভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট ফ্যাক্টর ৯২ শতাংশ ধরা হয়। রূপপুরের ক্ষেত্রেও এই হার বিবেচনা করা যেতে পারে।

অন্যদিকে ডিসকাউন্ট রেট সাধারণত ৫ থেকে ৬ শতাংশ ধরা হয়। কিন্তু বাংলাদেশে অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে এই হার ১২ শতাংশ। রূপপুরের জন্য ৬ থেকে ১২ শতাংশ ধরে পৃথক হিসাব তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখানে ৫ থেকে ৬ শতাংশ ডিসকাউন্ট রেট বিবেচনা করা সম্ভব।

দুজন বিশেষজ্ঞের মতে, বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল ও প্ল্যান্ট ফ্যাক্টর ঠিক রেখে ডিসকাউন্ট রেট ৫ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ ধরা হলে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৪ টাকার বেশি বেড়ে যেতে পারে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিচ্ছন্ন জ্বালানির উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎ দীর্ঘমেয়াদি ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারে। তাই এর উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে রাখতে সরকারের বিশেষ নীতিগত সহায়তা প্রয়োজন। উৎপাদন খরচ নির্ধারণের প্রধান তিনটি সূচকে সরকার সিদ্ধান্ত নিতে পারলে দাম কমানো সম্ভব। শুধু পিডিবি ও এনপিসিবিএলের পক্ষে এ বিষয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছানো কঠিন।

এ ছাড়া রূপপুর প্রকল্পের জন্য রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময়সীমা ২০ বছর। ফলে শুরুর দিকে ঋণের কিস্তি পরিশোধের কারণে বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বেশি হবে। এতে বিদ্যুতের দামও বেশি রাখতে হতে পারে। তবে সরকার চাইলে ঋণ পরিশোধের সময়সীমা ৪০ বা ৬০ বছর পর্যন্ত বাড়ানোর ব্যবস্থা করতে পারে। সে ক্ষেত্রে প্রথম ২০ বছর রাশিয়ার ঋণ পরিশোধে সরকার ভর্তুকি দিলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম কম রাখা সম্ভব হবে।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ, বর্জ্য অপসারণ এবং মেয়াদ শেষে কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ করার ব্যয় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হিসাব করা যেতে পারে। বিশেষজ্ঞদের দিয়ে প্রতিটি খরচ বিশ্লেষণ করা প্রয়োজন।

তিনি বলেন, ডলারের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। সবকিছু বিবেচনায় রূপপুরে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ ৮ টাকা খরচ হতে পারে। তবে সরকার প্রয়োজনীয় সহায়তা দিলে এই খরচ ৬ থেকে ৭ টাকার মধ্যে রাখা সম্ভব।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০