টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতা: ৬ দিনে ১৬ নেতার পদত্যাগ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় রাজনৈতিক অস্থিরতার মুখে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৬ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। গত ১৭ থেকে ২২ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তারা এ ঘোষণা দেন। অধিকাংশ নেতাই ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার অজুহাত দেখালেও সাম্প্রতিক সহিংস ঘটনার পর এই পদত্যাগের ঢল নেমেছে বলে জানা গেছে।
পদত্যাগকারী ১৬ জনের মধ্যে ১৪ জনই টুঙ্গিপাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। গত ১৭ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা চালানো হয়।
রবিবার ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নরেশ বিশ্বাস সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হন। তবে বর্তমান দলীয় কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় এবং শারীরিক ও পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছেন।
এর আগে ১৭ নভেম্বর কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির পদত্যাগ করেন। পরবর্তীতে ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে পদত্যাগ করেন আনিস লস্কর, মো. বাবর মোল্লা, মো. তারেক শেখ, আসলাম ফকির, ফায়েকুজ্জামান ফকির, সোহেল ফকির, রুমান ফকির, রাজু ফকির এবং সুরেশ চন্দ্র বসু।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি। এছাড়া এনসিপির সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ ভিডিও বার্তায় রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের এক নেতা জানান, পদত্যাগের লিখিত আবেদন পাওয়া যায়নি এবং এতে দলের সমস্যা হবে না। অপরদিকে জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
১০৯ বার পড়া হয়েছে