নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলায় নিহত ২
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল বহরে হামলায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
নড়াইল প্রতিনিধি জানান, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি গাড়ি নিয়ে কর্মসূচির অংশ হিসেবে রওয়ানা হন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশের খালের কাছে পৌঁছালে অতর্কিত আক্রমণের শিকার হয়।
অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা নেতাকর্মীদের ওপর সহিংস আক্রমণ চালায় এবং কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে। এতে কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ কয়েকজন গুরুতর জখম হন।
আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহিন ও সোহেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়েই তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। বর্তমানে সহিংসতা এড়াতে কালিয়া জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১০৮ বার পড়া হয়েছে