সর্বশেষ

জাতীয়

শ্রম অসন্তোষ হলেই কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
তৈরি পোশাক কারখানায় শ্রম অসন্তোষ দেখা দিলেই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। আগামীকাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে এক বৈঠকে আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকার মালিকেরা এ সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ সংগঠন দুটির নেতারা উপস্থিত ছিলেন।

শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কোনো কারখানা বন্ধ রাখা হলে ওই সময়ের জন্য শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ এ ক্ষেত্রে কার্যকর হবে ‘কাজ নেই তো মজুরি নেই’ নীতি।

মালিকপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার এ ধারায় মোট ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। শ্রম অসন্তোষের কারণে গতকাল শুক্রবার মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। এর মধ্যে বাকি ৯২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এসব কারখানার ছুটির ক্ষেত্রে শ্রম আইনের ১৩(১) ধারা উল্লেখ করা হয়নি। ফলে ওই কারখানাগুলোর শ্রমিকেরা ছুটির দিনেও মজুরি পাবেন।

সংবাদ ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ সংগঠন হিসেবে কোনো কারখানা বন্ধ বা খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না। শনিবার দুপুরের বৈঠকে সংশ্লিষ্ট কারখানার মালিকেরাই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি পর্যালোচনা করে তাঁরা দেখেছেন, অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দিতে চান। তবে একটি মহল তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের উসকানিতে কিছু শ্রমিকও কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারখানার মালিক ও শ্রমিক—সব পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিজিএমইএর সভাপতি।

মজুরি নির্ধারণ নিয়ে এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, একদিকে কারখানায় শ্রম অসন্তোষ চলছে, অন্যদিকে ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের বৈঠক আয়োজন করা হচ্ছে। তাঁর মতে, এমন পরিস্থিতিতে মজুরি বোর্ডের বৈঠক করা অযৌক্তিক। তবে আগামী সোমবার অনুষ্ঠেয় মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরির প্রস্তাব দেবেন।

এর আগে গতকাল শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে শ্রমিক, মালিক ও সরকারের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা।

তাঁরা শ্রমিকদের রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানিতে প্রভাবিত না হয়ে কাজে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০