বগুড়ায় ধান কাটার পর পতিত জমিতে সরিষা ও ভুট্টা চাষে বিপ্লব, পাশে মুনলাইট
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার গাবতলীতে ধান কাটার পর অনাবাদী ফেলে রাখা জমিতে সরিষা ও ভুট্টা চাষ করে সাফল্যের মুখ দেখছেন স্থানীয় কৃষকেরা। বেসরকারি সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় উন্নত বীজ ও সার পেয়ে কৃষিচিত্রে এসেছে নতুন পরিবর্তন। এতে নিজেদের তেলের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি উপার্জনের স্বপ্ন বুনছেন এই অঞ্চলের চাষিরা।
গাবতলী উপজেলার বালিয়া দীঘি ইউনিয়নের সুবোধ বাজার, তল্লা তল্লা ও কলাকোপাসহ আশপাশের গ্রামগুলোতে একসময় ধান কাটার পর জমি অলস পড়ে থাকত। তবে গত তিন বছরে সেই চিত্র পাল্টে গেছে। এখন একই জমিতে তিন ফসল উৎপাদনের সুবাদে কৃষকদের আয়ের নতুন পথ খুলে গেছে।
স্থানীয় কৃষক রনি মিয়া জানান, আগে ভোজ্য তেলের জন্য তাদের পুরোটা নির্ভর করতে হতো বাজার থেকে কেনা সয়াবিন তেলের ওপর। এখন নিজের জমিতে সরিষা ফলিয়ে পুরো বছরের তেলের চাহিদা অনায়াসে মিটিয়ে ফেলছেন তারা, যা সংসারের খরচ বাঁচানোর পাশাপাশি অতিরিক্ত উপার্জনের সুযোগ সৃষ্টি করেছে।
কৃষকদের উৎসাহিত করতে সম্প্রতি সুবোধ বাজারে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে বীজ, ইউরিয়া, পটাশ ও জিপসাম সার এবং গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ।
তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি এবং উন্নত জাতের বীজ ব্যবহারের বিকল্প নেই। ধান কাটার পর জমি ফেলে না রেখে স্বল্পমেয়াদী ফসল চাষের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহিদুল ইসলাম কৃষকদের ফসল পরিচর্যার বিভিন্ন কৌশল সম্পর্কে পরামর্শ দেন। সংস্থার প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া হকের সভাপতিত্বে এতে স্থানীয় কৃষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
১৪২ বার পড়া হয়েছে