কুষ্টিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগে আবির হাসান নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গুরুতর অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্র জানায়, গত সাত মাস আগে শিশুটিকে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদ্রাসায় ভর্তি করা হয়। ভর্তির কিছুদিন পর থেকেই শিশুটি নানা শারীরিক জটিলতায় ভুগতে শুরু করে। একাধিকবার চিকিৎসার পর বাড়ি থেকে মাদ্রাসায় ফিরলেই আবারও অসুস্থ হয়ে পড়ত সে।
একপর্যায়ে ভুক্তভোগী শিশুটি মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায় এবং সম্প্রতি তার দাদির কাছে শিক্ষক কর্তৃক নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করে। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আবির হাসানের কাছে জবাবদিহি চান।
অভিযোগের সত্যতা পেয়ে ক্ষুব্ধ জনতা শিক্ষক আবির হাসানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে