নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, নিহত ২
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিলে দুই কিশোরের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন বাজার সংলগ্ন সড়কের নির্মাণাধীন ব্রিজের বালুতে পিছলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পূর্ব চরবাটা ইউনিয়নের আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন এবং হাজী গ্রামের মো. কামালের ছেলে ও স্থানীয় কলেজের শিক্ষার্থী মো. আব্দুল করিম। দুর্ঘটনাটি ঘটে সুবর্ণচরের কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটা শ্রমিক শাহাদাত ও দশম শ্রেণির ছাত্র করিমসহ তিন বন্ধু একই মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নির্মাণাধীন সেতু থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর গাড়িটির চাকা নিয়ন্ত্রণ হারায় এবং পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তীব্র সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর কিশোরকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১২৯ বার পড়া হয়েছে