কলাপাড়ায় ভুয়া শিক্ষক পরিচয়ে কোচিং বাণিজ্য, সাংবাদিকদের হুমকি
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক রিপন গাজীর বিরুদ্ধে বেআইনিভাবে কোচিং বাণিজ্য, প্রতারণা ও শিক্ষার্থীদের নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেপুপাড়া পৌর এলাকার একটি ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনে অপরিসর ও ভাঙাচোরা সিঁড়ি টপকে প্রতিদিন শিক্ষার্থীরা ওই কোচিং সেন্টারে যাতায়াত করছে। ২০১৯ সালে খণ্ডকালীন নিয়োগ পেলেও স্থায়ী শিক্ষক পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের ভর্তি করিয়ে আসছেন।
অভিযোগে আরও জানা যায়, পাঠদান চলার মুহূর্তে রিপন গাজী নিজের ডায়াগনস্টিক সেন্টার ও ফটোকপি ব্যবসায় সময় দেন। তাঁর অনুপস্থিতিতে স্ত্রী পাঠদান পরিচালনা করেন এবং অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এছাড়া কথা না শুনলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সাংবাদিকদের উল্টো হুমকি দেন। তিনি স্কুলের অন্যান্য শিক্ষকদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে মূল ঘটনাটি আড়াল করার চেষ্টা করেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্পষ্ট জানিয়েছেন, খণ্ডকালীন শিক্ষক হিসেবে তাঁর কোচিং করানোর কোনো বৈধতা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে