২০৩০ সালের মধ্যে খুলনায় আসবে ভোলার গ্যাস: জ্বালানি প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিনের জ্বালানি সংকট কাটিয়ে শিল্পায়নের গতি ফেরাতে ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে খুলনায় আসবে ভোলার গ্যাস। বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান।
খুলনা অঞ্চলের পাটশিল্প ও সার্বিক শিল্প খাতের ধসের পেছনে গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবকে দায়ী করেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, মোংলা ও যশোরের অভয়নগরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মূল ভিত্তি হবে পর্যাপ্ত গ্যাস সরবরাহ।
শিল্প চাহিদা মেটাতে ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার প্রক্রিয়ার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শুরু হয়েছে। ২০০৫ সালে বেগম খালেদা জিয়ার দেওয়া বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক পরিকল্পনার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জ্বালানি সংকটের কারণে রূপসার ৮৮০ মেগাওয়াট কেন্দ্রসহ খুলনার প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কেন্দ্রগুলো অলস পড়ে রয়েছে। এসব কেন্দ্র দ্রুত সচল করতে মোংলা, খালিশপুর, দৌলতপুর এবং ভৈরববাজার এলাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরের বর্জ্য থেকে বায়োফুয়েল তৈরির সফল গবেষণায় বাণিজ্যিকভাবে অর্থায়নের ঘোষণা দেন অনিন্দ্য ইসলাম অমিত। খুলনা সিটি করপোরেশনের সহযোগিতায় এ প্রকল্প বিস্তৃত করা হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং কুবি উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম।
১৩২ বার পড়া হয়েছে