অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি করলেন মা, মোড়েলগঞ্জে ব্যাপক চাঞ্চল্য
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোড়েলগঞ্জে চরম দারিদ্র্যের কষাঘাতে নিজের ১ বছর ৩ মাস বয়সী শিশু সন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। মোংলা এলাকায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভাবের তাড়নায় খাবার ও চিকিৎসার খরচ চালাতে না পেরে মা এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৮ বছর বয়সী আনিকা আক্তারের সঙ্গে প্রায় দুই বছর আগে চট্টগ্রামের বাসিন্দা হাসান চৌধুরীর বিয়ে হয়। তাঁদের সংসারে আল-আমিন নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তীতে দাম্পত্য জীবনে কলহের জেরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে আনিকা নিজের শিশুটিকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন।
বাবার পরিবারেও মারাত্মক অভাব-অনটন চলায় শিশুটির প্রয়োজনীয় খাবার ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা আনিকার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। একপর্যায়ে তিনি সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বুধবার বিকেলে প্রতিবেশীর সহায়তায় এবং আনিকার বাবার উপস্থিতিতে মোংলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে তুলে দেওয়া হয়।
সন্তান বিক্রির বিষয়টি প্রকাশ্যে এলে মোড়েলগঞ্জ ও মোংলা উপজেলায় ব্যাপক তোলপাড় শুরু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে শিশুটির মা জানান, বাচ্চার প্রয়োজনীয় খাবার ও চিকিৎসার খরচ জোগাতে না পেরে বাধ্য হয়েই তিনি এই পথ বেছে নিয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, খবরটি পেয়ে সংশ্লিষ্টদের ডাকা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১৩৩ বার পড়া হয়েছে