খুলনায় চাঁদাবাজির প্রতিবাদে কেমিস্ট সমিতির স্মারকলিপি, ধর্মঘটের হুঁশিয়ারি
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় ফার্মেসি ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে জেলা প্রশাসক ও কেএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি। আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে খুলনা অঞ্চলের সব ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, জনসাধারণের জরুরী চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে খুলনার অধিকাংশ ফার্মেসি গভীর রাত পর্যন্ত খোলা রাখা হয়। তবে সম্প্রতি নগরীর টুটপাড়ার চয়নিকা ফার্মেসি এবং রূপসার মল্লিক ব্রাদার্সসহ একাধিক প্রতিষ্ঠানের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়ায় আতঙ্কে বেশ কয়েকটি ওষুধের দোকান ইতোমধ্যে সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা।
আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, প্রতিনিয়ত হুমকি আসলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। উল্লেখ্য, এর পূর্বে খুলনা অঞ্চলে ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড ও তোলাবাজির বিরুদ্ধে চিকিৎসকরাও রাজপথে নেমে মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছিলেন। অবিলম্বে এই পরিস্থিতির নিরসন না হলে তীব্র আন্দোলনের শঙ্কা তৈরি হয়েছে।
১২৯ বার পড়া হয়েছে