গোপালগঞ্জে তাণ্ডবের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ৪৫৩ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৮ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৮ আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।
সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এছাড়া এর আগের দিন সোমবার রাতেও শহরের একাধিক স্থানে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
১৩২ বার পড়া হয়েছে