কলাপাড়ায় ২৫০ পরিবারে বিতরণ করা হলো শীতকালীন সবজির বীজ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর পারিবারিক পুষ্টি নিশ্চিত ও বাড়তি আয়ের লক্ষ্যে ২৫০টি পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা ‘কিয়া’-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিআরএসএস এই উদ্যোগ বাস্তবায়ন করে। বিভিন্ন ধরনের সবজি বীজ হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী গ্রামীণ পরিবারগুলো।
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। ‘নিরাপদ জীবন-জীবিকা’ প্রকল্পের আওতায় আয়োজিত বীজ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার। অনুষ্ঠানে সংস্থার পক্ষে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার।
আলোচনা সভায় বিশেষজ্ঞরা শীতকালীন ফসলের ফলন বাড়াতে সঠিক সময় নির্বাচন, মাটির উপযুক্ত পরিচর্যা এবং জৈব উপায়ে কীটনাশক ব্যবহারের ওপর নির্দেশনা দেন। বক্তারা উল্লেখ করেন, বসতবাড়ির চারপাশের পতিত জমিতে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব।
প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রিগবী সেতু গমেজ, মো. শফিকুল ইসলাম ও নোয়েল রানা সাহা। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামীণ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এই ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
১৩৫ বার পড়া হয়েছে