ইরানে নতুন হামলা আগের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হতে পারে: ট্রাম্প
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উপসাগরীয় দেশগুলো নতুন করে বড় ধরনের হামলার পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে প্রকাশ্যে দেশটি সেই আগ্রহের কথা স্বীকার করছে না বলে মন্তব্য করেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলা জয় করেছি এবং ইরানও জয় করেছি। আমরা তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস করেছি। তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করেছি। তাদের নেতাদের নির্মূল করেছি।’
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। তারা বিষয়টি জানে, তবে প্রকাশ্যে তা বলছে না।’
ইরানের পারমাণবিক স্থাপনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা যদি সেখানে কিছু করে, তাহলে আমাদের পিক্যাক্স পর্বতমালায় আঘাত হানতে হতে পারে। আমরা তা দেখতে পাচ্ছি না।’
ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মূল কথা হলো, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। কারণ, তারা এটি ব্যবহার করবে।’
এ সময় উপসাগরীয় দেশগুলোর অবস্থানের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের সঙ্গে আলোচনায় তারা নতুন করে বড় ধরনের সামরিক হামলার চেয়ে বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষপাতী বলে মনে হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এসব দেশ এমন কোনো নতুন হামলা চায় না, যা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ শক্তিশালী হবে।
১৩১ বার পড়া হয়েছে