ফুটবল খেলতে গিয়ে মাঠেই প্রাণ গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীর
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে মাঠেই মারা গেছে জিসান আহাম্মেদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার হোমনা উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ প্রতিযোগিতার ফুটবল খেলা চলছিল। এতে মুখোমুখি হয় হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দল। খেলার একপর্যায়ে অংশগ্রহণকারী দলের সদস্য জিসান আহাম্মেদ হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে।
জিসান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাকে মাঠ থেকে দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সতীর্থরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিসান আহাম্মেদ কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা। সে প্রবাসী জালাল হোসেনের ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খেলার সময় অসুস্থ হয়ে পড়লে জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে