জৈন্তাপুর থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালানে মদদের অভিযোগ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বিরুদ্ধে মহাসড়কে যানবাহন আটকে চাঁদা আদায়, সীমান্তে চোরাচালানে সহযোগিতা, জব্দ করা পণ্য আত্মসাৎ এবং রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী, গাড়িচালক ও রাজনৈতিক নেতাদের অভিযোগ, তাঁর নেতৃত্বে থানাকেন্দ্রিক একটি চক্র এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে অভিযোগগুলোর বিষয়ে ওসি সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি।
সিলেটের পর্যটন ও সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর। একদিকে পাহাড়, নদী ও সবুজ প্রকৃতির আকর্ষণ, অন্যদিকে তামাবিল মহাসড়ক দিয়ে ভারত-বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বরং জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ সামনে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের অভিযোগ, থানাকে কেন্দ্র করে একটি চক্র গড়ে তুলে মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়, সীমান্তে চোরাচালানে সহযোগিতা এবং জব্দ করা পণ্য সরিয়ে ফেলার মতো কর্মকাণ্ড চলছে। ওসি নিজেকে কুমিল্লার একজন সাবেক সংসদ সদস্যের ভাগনে বলে পরিচয় দেন বলেও অভিযোগ রয়েছে। থানায় যোগদানের পর থেকে তাঁকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিহ্নিত চোরাকারবারিদের সঙ্গে তাঁর ছবি ছড়িয়ে পড়ার পর সীমান্ত এলাকায় সমালোচনা আরও বেড়েছে। এসব অভিযোগের দায় তৃণমূল বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।
সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর চেকপোস্টে যানবাহন থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও চালকদের ভাষ্য, আগে পণ্যবাহী গাড়িপ্রতি এক হাজার টাকা নেওয়া হতো। সম্প্রতি সেই পরিমাণ বাড়িয়ে তিন থেকে চার হাজার টাকা করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পুলিশ সদস্যরা নির্ধারিত অর্থের বাইরে অতিরিক্ত টাকা দাবি করে চালকদের বলেন, ‘এটা বিএনপির টাকা।’ কোনো চালক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে যুবদল ও ছাত্রদলের নাম ব্যবহার করা কয়েকজন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতে বলা হয়।
গত ৩০ অক্টোবর রাতে হেমু বেলপাড়া গ্রামের পণ্যবাহী গাড়ির চালক সালেহ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ ও তাদের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা আরেকজনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে দুজনই আহত হন।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয়দের প্রশ্নের মুখে চেকপোস্টে দায়িত্ব পালনকারী এএসআই শামীম আহমদ গাড়িপ্রতি অর্থ বাড়ানোর সিদ্ধান্ত এবং টাকা আদায়ের নির্দেশনা ওসি মাহবুবুর রহমান মোল্লার কাছ থেকে এসেছে বলে স্বীকার করেন বলে স্থানীয়দের দাবি।
পরদিন স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে ওসি অভিযোগ অস্বীকার করেন বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে কোনো ঘোষণা ছাড়াই চেকপোস্টটি সরিয়ে নেয় পুলিশ।
জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন সংবেদনশীল এলাকায় একটি শক্তিশালী লাইনম্যান চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, এই চক্র চোরাচালানের পণ্য নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে সহযোগিতা করে। প্রতিটি চালান নির্বিঘ্নে পারাপারের বিনিময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে বড় অঙ্কের অর্থ আদায় করা হয়। আদায় করা অর্থের একটি অংশ ওসির কাছে পৌঁছায় বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া নির্ধারিত মাসোহারা না দিলে সীমান্তের পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।
ওসির বিরুদ্ধে জব্দ করা পণ্য আত্মসাতেরও অভিযোগ উঠেছে। সম্প্রতি সারিঘাট এলাকায় ভারতীয় শাড়িবোঝাই একটি ট্রাক আটক করা হয়। অভিযোগ রয়েছে, ওই চালানের অর্ধেকের বেশি শাড়ি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা, কৌশলে সরিয়ে ফেলা হয়েছে। পরে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এসব পণ্য ভাগ-বাটোয়ারা করা হয় বলে অভিযোগ রয়েছে।
একইভাবে ‘ভয়ংকর এক্সপ্রেস’ লেখা একটি ট্রাক থেকে ভারতীয় মদের চালান উদ্ধারের পর তার অর্ধেক রহস্যজনকভাবে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু-মহিষ প্রবেশ, নদী থেকে বালু-পাথর উত্তোলন এবং অর্থের বিনিময়ে চিহ্নিত আসামিদের সীমান্ত পারাপারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, পুশ-ইন ও পুশ-আউট কার্যক্রম ঘিরেও একটি চক্র কাজ করছে।
পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, একটি চক্রের মাধ্যমে চাঁদাবাজি চালিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এ কর্মকাণ্ডে স্বৈরাচারের সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
ফতেহপুর ও হরিপুর ইউনিয়ন বিএনপির বৈঠকে পুলিশের কথিত চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সুনির্দিষ্ট কোনো জবাব দেননি। বরং তিনি বলেন, ‘আপনি কথা রেকর্ড করছেন কেন? আমি বক্তব্য দিব না। হরিপুর চেকপোস্টে কি আমি ডিউটি করি?’
তিনি আরও বলেন, ‘আপনি তো সাংবাদিক, আমি সরকারি কর্মকর্তা। আপনি এভাবে ফোন দিতে পারেন না।’
অভিযোগ রয়েছে, এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীর মাধ্যমে সংবাদটি প্রকাশ না করার জন্য তদবির করেন তিনি।
এ বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে সরাসরি তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলার পরামর্শ দেন।
সব মিলিয়ে জৈন্তাপুরে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ ও আস্থার সংকট তৈরি হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের আশঙ্কা, এসব অভিযোগের সুরাহা না হলে সীমান্তবর্তী এই জনপদে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
১০৮ বার পড়া হয়েছে