পাবনায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাবনা সদর উপজেলার বালিয়াহালট মডেল মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম নুরুজ্জামান (৫০)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার পূর্ব-ডিঙ্গী এলাকার মৃত পাষান শেখের ছেলে।
এসআরবি পাবনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে বিশেষ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। গোপন খবরের সত্যতা নিশ্চিত হওয়ার পর বালিয়াহালট মডেল মসজিদের সামনে ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
১০৯ বার পড়া হয়েছে