নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে এ আবেদন করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন করেন শেখ হাসিনা। বার্তা সংস্থাটি জানিয়েছে, তারা ওই চিঠি দেখার সুযোগ পেয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম জানা গেল।
আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
রয়টার্সের হাতে আসা চিঠিটি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো হয়েছে। শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।’
শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।
১৪৫ বার পড়া হয়েছে