আজ শ্যামাপূজা ও দীপাবলি, মন্দিরে মন্দিরে প্রস্তুতি
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা ও দীপাবলি আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি উদ্যাপন করবেন। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আয়োজন। পূজাকে ঘিরে সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা।
বাঙালি সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যে কালীপূজা ও দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলি বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে ‘দীপাবলি’ এবং অবাঙালি হিন্দুদের কাছে ‘দিওয়ালি’ নামে পরিচিত। ধর্মীয়ভাবে এ উৎসব ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও পরিচিত।
অশুভ শক্তি ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশায় শত শত বছর ধরে এ উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি, অসমিয়া ও ওড়িয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ এ তিথিতে কালীপূজার আয়োজন করেন।
পঞ্জিকামতে, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে তিথিটি শেষ হবে। সাধারণত মধ্যরাতে কালীপূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই তিথিতে অনেকেই লক্ষ্মীপূজাও করে থাকেন।
দীপাবলি উপলক্ষে পূজার দিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়।
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির।
এ ছাড়া পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় শ্যামাপূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে