৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি দেয়ার পরিকল্পনা ইসির
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে একটি কর্মশালার মাধ্যমে সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের একটি বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ ১৭ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। এ সময় ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব দেন তিনি।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করে তা কমিশনে উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে নাগরিকদের এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিভিন্ন মহল। এসব দাবির পরিপ্রেক্ষিতে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি নতুন করে বিবেচনা করছে কমিশন।
এদিকে, সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
১২৪ বার পড়া হয়েছে