আগামী প্রজন্মই দেশ ও সমাজকে এগিয়ে নেবে: আইনমন্ত্রী
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী প্রজন্ম সঠিক পথনির্দেশনার মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, তরুণ প্রজন্ম যে পথ তৈরি করবে, তা হবে মসৃণ ও প্রগতিশীল। একই সঙ্গে আইনজীবীদের সততা, পরিশ্রম ও মানবিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মক্কেলের আর্থিক সামর্থ্যকে প্রাধান্য না দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ওকালতি পেশায় দ্রুত অর্থ উপার্জনের শর্টকাট পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। একজন দক্ষ আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।
তিনি আরও বলেন, আদালতে দাঁড়ানোর সময় শুধু মক্কেলের দেওয়া ফি বা অর্থের বিষয়টি বিবেচনা করা উচিত নয়। বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে আদালতে দাঁড়াতে হবে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবীদের মানবিক হওয়ার আহ্বান জানান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সব সময় মক্কেলের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে আইনি সেবা দেওয়া উচিত নয়। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে বিনা পারিশ্রমিকে মামলা পরিচালনা করতে হবে। পাশাপাশি লিগ্যাল এইডের মাধ্যমে অসচ্ছল মানুষের আইনি সেবা নিশ্চিত করতে হবে।
১০৯ বার পড়া হয়েছে