নলডাঙ্গায় সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, মোতায়েন পুলিশ
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। ডিলারের দোকানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ার অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেড়েছে। কিন্তু ডিলারের দোকানে পর্যাপ্ত সার না থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক কৃষককে খালি হাতে ফিরতে হচ্ছে। কেউ কেউ ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
কৃষকদের দাবি, সার বিতরণে অনিয়মের কারণে প্রকৃত চাষিরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করেও অনেকে কাঙ্ক্ষিত পরিমাণ সার পাচ্ছেন না। অন্যদিকে, কেউ কেউ জমিতে চাষাবাদ না করেও ভ্যানভর্তি সার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
কৃষকদের অভিযোগ, টোকেন ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি লাইনের আগে গিয়ে সার সংগ্রহ করছেন। ফলে প্রকৃত কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করেও সার না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
এ অবস্থায় সার বিতরণে সঠিক তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের মতে, প্রকৃত কৃষকের চাহিদা অনুযায়ী সার বিতরণ এবং অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। উপজেলা কৃষি কার্যালয় ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই। সারের কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা নিয়ম মেনে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে জন্য তদারকি জোরদার করা হয়েছে।
তিনি কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।
১১১ বার পড়া হয়েছে