কুড়িগ্রামে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের শুভ সূচনা: গুরুত্ব পাচ্ছে দুর্যোগে নারী নেতৃত্ব
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনজনিত বন্যা ও নদীভাঙন মোকাবিলায় নারীদের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে শুরু হলো 'নারী অগ্রগতি' প্রকল্প। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সূচনা সভায় এ উদ্যোগের মূল লক্ষ্য তুলে ধরা হয়। স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সূচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-ই-খুদা। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন ও ইউথনেট গ্লোবালের যৌথ বাস্তবায়নে এবং ইউএন ওমেন বাংলাদেশের সহযোগিতায় এই বিশেষ প্রকল্প পরিচালিত হচ্ছে। এতে অর্থায়ন করছে উইমেন'স পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ফান্ড।
সূচনা সভায় আরও বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং প্রকল্প সমন্বয়কারী জান্নাতুন্নাহার তান্নি। বক্তারা জলবায়ু ঝুঁকিপূর্ণ কুড়িগ্রাম এলাকায় দুর্যোগ মোকাবিলা ও পুনরুদ্ধারে নারীদের প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশীদারিত্ব বৃদ্ধি, পিস সার্কেল গঠন এবং পুরুষ সহযোগীদের সম্পৃক্ত করার নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সভায় স্থানীয় নারী অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন তাঁদের নিরাপত্তা ও জীবিকার বাস্তব সংকট নিয়ে আলোকপাত করেন।
১০৬ বার পড়া হয়েছে