ভালুকায় ফ্যামিলি কার্ড খানা জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে ফ্যামিলি কার্ড খানা জরিপ-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু) উপস্থিত থেকে দুই ইউনিয়ন এলাকায় এ কার্যক্রমের সূচনা করেন। প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলার রাজৈ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় আনুষ্ঠানিকভাবে এই তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী উদ্যোগ। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত অভাবী ও যোগ্য পরিবারগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
তিনি জোর দিয়ে বলেন, তথ্য সংগ্রহের সময় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে যাতে কোনো উপযুক্ত পরিবার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং অসৎ উপায়ে কেউ অন্যায় সুবিধা গ্রহণ করতে না পারে। এছাড়া সমাজের সার্বিক আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিটি ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সমন্বয়ে সচেতনতামূলক কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষে মাঠপর্যায়ে কাজ করার জন্য ২৮ জন নির্বাচিত তথ্য সংগ্রহকারীর হাতে সর্বাধুনিক ডিজিটাল ডিভাইস তুলে দেওয়া হয়।
১২৮ বার পড়া হয়েছে