প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনায় চার স্তরের কড়া নিরাপত্তা
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে রূপসা থেকে নগরজুড়ে গড়ে তোলা হয়েছে অভূতপূর্ব চার স্তরের কড়া নিরাপত্তাবলয়। জেলা ও নগর পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বিশেষ গোয়েন্দা নজরদারি, বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। নির্বিঘ্ন সফর নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে সবকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবারের দিনব্যাপী সফরে বাগেরহাটের মোংলা বন্দর, হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার এবং খুলনা জেলা স্টেডিয়ামে নির্ধারিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফর সফল করতে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ সদস্য। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানিয়েছেন, তাদের বিশেষ টিম, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং ডগ স্কোয়াড সার্বক্ষণিক তদারকিতে রয়েছে।
নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, সাদা পোশাকে দায়িত্ব পালনের পাশাপাশি নগরীর প্রতিটি প্রবেশমুখে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের মতে, রূপসার কুদির বটতলা থেকে সফরসূচির সম্ভাব্য সমস্ত সড়ক পরিদর্শন করা হয়েছে। রাজনৈতিক সূত্রের খবর, পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখার সম্ভাবনা থাকায় সেসব স্থানেও নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে