দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৫
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর রাতে ৪২ বিজিবির অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে বাহিনীটি ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ, ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত সব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদকের প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেছেন তিনি।
১২৬ বার পড়া হয়েছে