সর্বশেষ

বিনোদন

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী দত্ত, কে তিনি?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ নন্দিনী দত্ত। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে ‘বিগ বস বাংলা ৩’-এ অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, অভিনেতা রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা ও চুম্বনের দৃশ্য—সব মিলিয়ে এখন বিতর্কের কেন্দ্রে নন্দিনী। অভিনয়জীবন থেকে ব্যক্তিগত সম্পর্ক, কীভাবে পরিচিত হয়ে উঠলেন তিনি?

নন্দিনী দত্তকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। বাংলা টেলিভিশনের কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিতর্কেও জড়িয়ে পড়েছে তাঁর নাম। এর বড় কারণ ‘বিগ বস বাংলা ৩’-এ তাঁর অংশগ্রহণ।

কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো অন্য প্রতিযোগীদের সঙ্গে বাদানুবাদ—বিভিন্ন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন নন্দিনী। গত ১ নভেম্বর তাঁকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে দেখা গেলেও পরে জানা যায়, সেটি ছিল বিশেষ চমক। তাঁকে পাঠানো হয়েছে সিক্রেট রুমে।

ধারাবাহিক দিয়ে অভিনয়জীবনের শুরু

কলকাতার মেয়ে নন্দিনী দত্ত ২০১৯ সালে বাংলা টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। শুরুতে তেমন পরিচিতি না থাকলেও ধীরে ধীরে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন।

‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক দিয়ে তাঁর অভিনয়জীবনের শুরু। এরপর ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে অভিনয় করেন তিনি। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রচারিত এই ধারাবাহিকের ১৯২টি পর্বে দেখা গেছে তাঁকে।

পরবর্তী সময়ে ‘রামকৃষ্ণা’ ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রে অভিনয় করেন নন্দিনী। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। ‘বোধন’ ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এরপর ‘দুই শালিক’ ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করে পরিচিতি আরও বাড়ে। স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে।

অভিনয়জীবনে বাধা ও হতাশা

অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে নন্দিনীকে। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁকে দেখে অনেকের মনে হয়েছিল, তিনি নাকি ‘হিরোইন ম্যাটেরিয়াল’ নন।

ক্যারিয়ারের এক পর্যায়ে হতাশ হয়ে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। প্রতিদিন কান্না, বাবার বকাঝকা—এমন কঠিন সময়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছিলেন নন্দিনী।

আরিয়ান ভৌমিকের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ

নন্দিনীর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয়ের সময় অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সম্পর্ক একসময় এতটাই গভীর হয়েছিল যে দুজন একই ছাদের নিচেও থেকেছেন। আরিয়ানের বাড়িতে নন্দিনীর জন্য আলাদা পোশাক রাখার ঘর ও সাজসজ্জার কক্ষও তৈরি করা হয়েছিল বলে জানা যায়।

তবে ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নিয়ে দুজনের কেউই বিস্তারিত কিছু জানাননি।

‘বিগ বস বাংলা ৩’ ঘিরে নতুন পরিচিতি

২০২৬ সালের ৩০ আগস্ট শুরু হয় ‘বিগ বস বাংলা ৩’। দীর্ঘ ১০ বছর পর বাংলা টেলিভিশনে ফিরে আসে জনপ্রিয় এই বাস্তবভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এর সঞ্চালনায় রয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর নন্দিনীকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। বিশেষ করে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে ঘরে প্রবেশের পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

একসঙ্গে সময় কাটানো, খুনসুটি ও অভিমানের নানা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। দর্শকদের একাংশ তাঁদের জুটির নাম দেন ‘রাজনন্দিনী’।

সেপ্টেম্বরের শেষ দিকে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা আরও বাড়ে। অনুষ্ঠানের ঘরে দুজনের চুম্বনের দৃশ্য প্রচারিত হওয়ার পর শুরু হয় নতুন বিতর্ক। দর্শকদের কেউ কেউ বিষয়টিকে প্রেমের স্বাভাবিক প্রকাশ হিসেবে দেখলেও অন্য একটি অংশ পারিবারিক দর্শকের জন্য নির্মিত অনুষ্ঠানে এমন ব্যক্তিগত মুহূর্ত প্রচার নিয়ে প্রশ্ন তোলেন।

ক্যাপ্টেন্সি টাস্কে বিতর্ক

নন্দিনীকে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় ক্যাপ্টেন্সি টাস্কের একটি ঘটনাকে কেন্দ্র করে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাঠের ঘোড়ায় বসে থাকতে হয়েছিল। প্রতিপক্ষকে কৌশলে ঘোড়া থেকে নামানোর সুযোগ থাকলেও সরাসরি ধাক্কা দেওয়া কিংবা শারীরিকভাবে আঘাত করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল।

টাস্ক চলাকালে প্রথমে রাজবীরের ঘোড়া উল্টে দেন নন্দিনী। পরে সহপ্রতিযোগী সৃজলা গুহর সঙ্গে কথা বলার সময় তাঁর ঘোড়াটিও উল্টে যায়। এতে মেঝেতে পড়ে যান সৃজলা। ব্যথায় তাঁকে কাঁদতে দেখা যায়।

পরিস্থিতি বিবেচনায় প্রতিযোগিতা বন্ধ করে সৃজলাকে চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিনীকে নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার দাবিও জানান। পরে নন্দিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না।

ছোট পর্দার পরিচিত অভিনেত্রী থেকে ‘বিগ বস বাংলা ৩’-এর আলোচিত প্রতিযোগী—নন্দিনী দত্তের সাম্প্রতিক পথচলা এখন দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহের বিষয়।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০