নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে খুলনায় আসছেন প্রধানমন্ত্রী
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে খুলনায়। নগরীকে সাজানো হয়েছে নান্দনিকভাবে। দেয়ালে দেয়ালে স্থান পেয়েছে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা চিত্র। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চ্যুয়ালি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর ও উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে খুলনা নগরীকে সাজানো হয়েছে নতুন রূপে। তবে এবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে প্রচলিত তোরণ, ব্যানার ও ফেস্টুনের আধিক্য দেখা যাচ্ছে না। এর পরিবর্তে সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশবান্ধব উদ্যোগ ও নান্দনিক সাজসজ্জায়।
খুলনা জেলা স্টেডিয়াম, ভিআইপি চলাচলের সড়ক, বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা নতুন রঙে সাজানো হয়েছে। নগরীর সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দর, পাটকল, এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী ও শিল্পীদের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্যের নানা চিত্র। এসব গ্রাফিতি ও দেয়ালচিত্র নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।
সবচেয়ে আকর্ষণীয় সাজে প্রস্তুত করা হয়েছে খুলনা জেলা স্টেডিয়ামকে। এর দেয়ালে আঁকা হয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিংড়ি চাষ, স্থানীয় ঐতিহ্য ও জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে নানা রঙের ম্যুরাল ও গ্রাফিতি। স্টেডিয়ামের প্রবেশপথে নতুন পাঁচিল নির্মাণ, মেঝেতে টাইলস স্থাপন এবং সৌন্দর্যবর্ধনে সবুজ গাছ লাগানো হয়েছে। নতুন নকশায় সাজানো হয়েছে মূল ফটকও।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে আগে স্থাপন করা তোরণ ও বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। নেতাকর্মীদের লাগানো ফেস্টুনও খুলে ফেলা হয়েছে। এর পরিবর্তে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সুসজ্জিত কাটআউট নগরীর সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এ এবার রেকর্ডসংখ্যক ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছেন। আগামীকাল খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন। দেশের ৫০৩টি উপজেলায় একযোগে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে করে মোংলায় যাবেন। সেখানে কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর খুলনার সার্কিট হাউসে বিরতি নিয়ে বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, প্রধানমন্ত্রীকে স্মরণকালের সেরা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরেবাংলা রোড ও পাওয়ার হাউস মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
খুলনার জেলা প্রশাসক হুড়ে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনাবাসীর মধ্যে দীর্ঘদিনের উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিচ্ছন্ন শহর হিসেবে খুলনাকে গড়ে তুলতে কাজ চলছে। গত ১২ দিনে নগরীতে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রবেশপথগুলো পরিচ্ছন্ন করার পাশাপাশি উন্মুক্ত স্থানের অবৈধ স্থাপনা সরানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ব্যানার ও তোরণ দিয়ে শহর ঢেকে না রেখে পরিবেশবান্ধব উপায়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে