সর্বশেষ

সারাদেশ

ভূরুঙ্গামারীতে মাকে প্রাণনাশের হুমকি মাদকাসক্ত ছেলের, ঘরছাড়া বৃদ্ধা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর মুক্তি পেয়েই মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছেলের ভয়ে বাড়িঘর ছেড়ে সাত বছরের নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ৪৭ বছর বয়সী মা নাসিমা বেওয়া। নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও দিশা পাচ্ছেন না তিনি।

ঘটনাটি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের দফাদারপাড়ার। অভিযুক্ত রাজু মিয়া (২২) ওই গ্রামের মৃত হবিবর রহমানের বড় ছেলে। স্বামীর মৃত্যুর পর নাসিমা বেওয়া দুই ছেলে, বড় ছেলের স্ত্রী ও নাতিকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায়, রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তাঁর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী প্রায় এক বছর আগে সন্তান ও স্বামীকে রেখে ঢাকায় চলে যান। এরপর মাদকাসক্ত রাজু আরও বেপরোয়া হয়ে ওঠেন। মাদকের টাকা জোগাড় করতে মায়ের ওপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতন চালানোর পাশাপাশি ঘরের জিনিসপত্র বিক্রি করতে শুরু করেন তিনি।

এ পরিস্থিতিতে গত ২ জুন ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই আদালতে রাজু মিয়াকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রাজু কারাগারে যাওয়ার পর নিরাপত্তার ভয়ে তাঁর ছোট ভাই লিমন (১৮) ঢাকায় চলে যান।

পাঁচ মাস কারাভোগের পর গত রোববার (১ নভেম্বর) মুক্তি পান রাজু। অভিযোগ, কারাগার থেকে বের হয়েই মুঠোফোনে মাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। ছেলের ভয়ে ওই দিনই নাতি মিনহাজকে (৭) নিয়ে বাবার বাড়ি পাইকেরচড়ায় আশ্রয় নেন নাসিমা বেওয়া।

এদিকে বাড়িতে ফিরে রাজু ঘরবাড়ি ভাঙচুর করেন এবং মাকে খুঁজতে থাকেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতে থানায় গেলে নাসিমা বেওয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ে গিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান তিনি।

নাসিমা বেওয়া বলেন, ‘আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গিয়েছিলাম। থানা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসতে বলেছে। তাঁর কাছে আসার পর আবার থানায় যেতে বলেছেন। রাজু আমাকে দেখলে মেরে ফেলবে।’ এ সময় তিনি নিজের প্রাণ রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে রোববার রাতে তিনি ওই বাড়িতে যান। তবে রাজু কারও কথা শুনতে চাননি। তিনি মাকে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি ঘরের তালা ও বেড়া ভেঙে ফেলেছেন। মাঝেমধ্যে আত্মহত্যার হুমকিও দেন। প্রাণভয়ে মা নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, অভিযোগকারী নারী তাঁর কাছে এসেছিলেন। তাঁকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, নাসিমা বেওয়া থানায় এসেছিলেন কি না, তা তিনি জানেন না। কারণ, ওই সময় তিনি আদালতে ছিলেন। তবে তিনি থানায় এলে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০