বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয় এ দিনটি। এতে অংশ নিয়ে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে বগুড়া শহরের নবাববাড়ি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকা অপরিসীম। সংগঠনকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া কেন্দ্র ঘোষিত দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় আলোচনা সভা ও র্যালির পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে