সাতক্ষীরায় সরকারি খাল দখল: ২০০০ বিঘা জমির বোরো আবাদ নিয়ে তীব্র শঙ্কা
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে লাখ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা সরকারি খাল দখলের কারণে চরম বিপাকে পড়েছেন হাজারো মানুষ। খালটি প্রভাবশালীরা দখলে নেওয়ায় প্রায় দুই হাজার বিঘা জমির বোরো চাষ ও খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী জেলিয়াখালী সরকারি খালের ২.২ কিলোমিটার অংশ ৭৪ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি পুনঃখনন করে সিএনআরএস নামের একটি বেসরকারি সংস্থা। তবে খননকাজ শেষ হতে না হতেই খালের বিভিন্ন পয়েন্টে নেট-পাটা ও বাঁশের বাঁধ দিয়ে কৃত্রিমভাবে মাছ চাষ শুরু করে স্থানীয় প্রভাবশালী মহল।
স্থানীয় বাসিন্দা সুকুমার ও জয়ন্ত সরকার জানান, সম্পূর্ণ খালটিকে সাতটি ভাগে বিভক্ত করে দখল করা হয়েছে। সেচের পানি না পাওয়ায় সাধারণ কৃষক ও বাসিন্দারা গৃহস্থালি ব্যবহারের পানি সংগ্রহ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন।
তবে দখলের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ইছাক আলী জানান, এই প্রক্রিয়ার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সিএনআরএসের সাইট অফিসার তৌহিদ হাসান জানান, প্রশাসনিক অনুমোদনেই খালের খননকাজ পরিচালনা করা হয়েছিল, কিন্তু বর্তমানে খালটি অবৈধ দখলে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ জানান, খালটিকে অবিলম্বে দখলমুক্ত ও উন্মুক্ত করতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে