খুলনা বিভাগে ডেঙ্গুতে ৬ ও সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে ভর্তি হয়েছেন সাড়ে তিন শতাধিক রোগী।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন মঙ্গলবার এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছেন। ডেঙ্গুতে প্রাণ হারানো ৬ জনের মধ্যে বাগেরহাট জেলায় ৩ জন, খুলনা জেলায় ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৫০ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলা ও ঝিনাইদহে। খুলনা বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ২০ হাজার ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে খুলনা ও কুষ্টিয়া জেলায় একজন করে মোট দুজন মারা গেছেন। একই সময়ে নতুন ১০০ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও ১০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভাগে মোট ১৫ হাজার ২০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামের কারণে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
১০৯ বার পড়া হয়েছে