৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি হাই-হং’
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ইন্দোনেশিয়া থেকে ৮ হাজার ২৫০ মেট্রিক টন মোলাসেস বা চিটাগুড় নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এম,ভি হাই-হং’। মঙ্গলবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ার পর বিকেল থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানিয়েছেন, বিকেল থেকে লাইটারেজ নৌযানের মাধ্যমে এই চিটাগুড় খালাস করে নির্দিষ্ট ট্যাংকে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে বিশেষ ট্রেনযোগে এসব পণ্য দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে। মূলত গবাদিপশুর খাদ্যের কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গে এর ব্যাপক চাহিদা রয়েছে।
দেশে একাধিক সরকারি ও বেসরকারি চিনি কল চালু থাকলেও স্থানীয় উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় বিদেশ থেকে এই পণ্য আমদানি করতে হচ্ছে। ২০২৪ সাল থেকে নিয়মিতভাবে মোংলা বন্দরের মাধ্যমে সরাসরি মোলাসেস খালাস করা হচ্ছে, যার ধারাবাহিকতায় এটি চতুর্থ চালান হিসেবে দেশে এসেছে।
তবে বন্দরের নাব্য সংকটের কারণে বড় আকারের জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। স্টারপাত সি ট্রেড লিমিটেডের শীর্ষ কর্মকর্তা জানান, নাব্য সমস্যার কারণে ছোট আকৃতির জাহাজ জোগাড় করে পণ্য আনতে বেশ দেরি হয়েছে। মোংলা পশুর চ্যানেলে নিয়মিত ড্রেজিং করে নাব্য ধরে রাখা সম্ভব হলে ভবিষ্যতে আরও বড় ধারণক্ষমতার জাহাজ আনা সম্ভব হবে, যা আমদানি ব্যয় কমাবে।
১৬৩ বার পড়া হয়েছে