চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি জাকির হোসেন জনিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জনিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইজিবাইক চালক সাজিদ শেখের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্রে অভিযুক্ত জাকির হোসেন জনি প্রতিদিন এক হাজার টাকা ভাড়ায় ইজিবাইক রিজার্ভ করতেন। পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহের বাহানায় তিনি বাহনটি ব্যবহার করতেন।
গত ৭ সেপ্টেম্বর সকালে দামকুড়া বাজারে পৌঁছালে সাজিদকে একটি খাবার হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী চক্র।
এ ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এসআরবি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর পৌরসভার হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।
১০৯ বার পড়া হয়েছে