মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের মৃত্যুবার্ষিকী পালিত
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ও ইতালি নাগরিক ফাদার মারিনো রিগনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোংলার শেলাবুনিয়ায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফাদার মারিনো রিগন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি ও স্মারক আলোচনার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে শেলাবুনিয়াস্থ ফাদার রিগনের সমাধি চত্বরে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্ট পল্স ধর্ম পল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল। সভায় অন্যান্য বক্তারা রিগনের বহুামুখী জীবন ও সামাজিক কর্মের ওপর বিস্তারিত আলোকপাত করেন।
আলোচকরা বলেন, ফাদার মারিনো রিগন ছিলেন বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের এক একনিষ্ঠ সাধক। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৪৮টি গ্রন্থ এবং লালন সাঁইয়ের প্রায় সাড়ে ৩০০ গান ইতালি ভাষায় অনুবাদ করে বিশ্বদরবারে তুলে ধরেছেন। ইতালিতে তিনি ছিলেন বাংলাদেশের এক অঘোষিত সাংস্কৃতিক রাষ্ট্রদূত।
স্মরণ সভা শেষে সেন্ট পল্স ধর্মপল্লী, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, খ্রিষ্টিয়ান ঐক্য পরিষদ ও সেবা সংস্থাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি স্মৃতি র্যালি মোংলার সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ দশক ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আলোর মশাল জ্বালিয়েছেন এই ইতালীয় ধর্মযাজক। তিনি মোংলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান, সেন্ট পল্স হাসপাতাল ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' প্রদান করা হয়। ২০১৭ সালে ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
১৩৯ বার পড়া হয়েছে