২৪ ঘণ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।
অক্টোবরের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১১২ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৩ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
১০৭ বার পড়া হয়েছে