সাতক্ষীরা সীমান্তে দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরা সীমান্তে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী তিনটি উপজেলার ৪৪টি পূজামণ্ডপের সার্বিক সুরক্ষায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকাতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা তদারকির অংশ হিসেবে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বিশেষ উপহার হস্তান্তর করেন।
পরিদর্শনকালে অধিনায়ক জানান, দর্শনার্থী ও পূজারিরা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রহরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় বজায় রাখা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে