মহানবমীতে আজ দুর্গামণ্ডপে ভক্তদের ভিড়
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়বে। অন্যদিকে, বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের সময় ঘনিয়ে আসায় উৎসবের আনন্দের সঙ্গে যুক্ত হবে বিষাদের আবহ।
শারদীয় দুর্গোৎসবের মহানবী উপলক্ষে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন পূজামণ্ডপে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে অনুষ্ঠিত হবে মহানবমীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি। সন্ধ্যায় দেবীর আরাধনায় আয়োজন করা হবে মহাআরতি।
মহানবমীতে ভক্তরা দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করবেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপে এ উপলক্ষে ভক্তদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে গতকাল সোমবার মহাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। এদিন পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
দেবীর বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই মহানবমীর আনন্দঘন পরিবেশের মধ্যেও পূজামণ্ডপগুলোতে বিরাজ করবে বিদায়ের বিষণ্নতা।
১১১ বার পড়া হয়েছে